মনপুরা উপজেলা প্রতিনিধি :
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিমের একটি ব্যক্তিগত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় নেতারা।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আমিমুল ইহসান জসিম লেখেন, “হ্যাঁ, এবার হবে প্রতিরোধ। গণপ্রতিরোধ। আওয়ামী কায়দায় কেন্দ্র দখলের চিন্তা যদি কেউ আবারও করে থাকে, তবে যেন তারা জনতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয়; তবে যেন তারা কেন্দ্রে আসার আগে পরিবার থেকে বিদায় নিয়ে নেয়।”
বিএনপির স্থানীয় নেতাদের দাবি, ওই বক্তব্য সরাসরি প্রাণনাশের হুমকির শামিল এবং তা নির্বাচনী পরিবেশে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে। তাদের মতে, এ ধরনের বক্তব্য সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে পারে এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থানীয় এক নেতা বলেন, “নির্বাচনের আগে এ ধরনের উসকানিমূলক বক্তব্য স্পষ্টতই আইন ও নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এতে সাধারণ মানুষের মনে ভয় কাজ করছে।”
এ ঘটনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা মনপুরায় শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিমুল ইহসান জসিম বলেন, তার মোবাইল ফোন অন্য একজনের কাছে থাকাকালে ওই পোস্টটি করা হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি জানার পরপরই তিনি পোস্টটি মুছে ফেলেছেন। তিনি আরও বলেন, “আমরা দেশে একটি সুন্দর নির্বাচন চাই।”
তবে এ বিষয়ে প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস
টপিক

