খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি–২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
সোমবার বিকেলে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এবং সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গণসংযোগকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি কমিটির সিনিয়র সহ-সভাপতি সাধন দে, সহ-সভাপতি সাধন চন্দ্র পাল, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের সভাপতি আশীষ ভট্টাচার্য, শংকরমঠ পার্থ সারথি আশ্রমের সভাপতি শিব শংকর দেব, লক্ষ্মী সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য সুজিত চৌধুরীসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা খাগড়াছড়ির উন্নয়ন ও পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং অবহেলিত পাহাড়ি জনপদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
নেতাকর্মীরা আরও জানান, ওয়াদুদ ভূইয়া সংসদ সদস্য নির্বাচিত হলে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি উপজেলা, শহর ও গ্রাম পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে কাজ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

