বরিশাল ব্যুরো :
বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা হলেন—বাংলাদেশ জাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী সাহেব আলী। উভয় প্রার্থীই বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) উজিরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাসদের পক্ষ থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. করিম খান। লিখিত বক্তব্যে তিনি জানান, জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অন্যদিকে একই দিন বিকেলে বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর উঠান বৈঠকে অংশ নিয়ে এনপিপি মনোনীত প্রার্থী সাহেব আলী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির প্রতি সমর্থন ঘোষণা করেন।
এ সময় বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে বিএনপির বিকল্প নেই। যারা জাতীয় স্বার্থ বিবেচনায় বিএনপির পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

