বাকেরগঞ্জে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

0
37
জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :


বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বসির আহমেদ সবুজসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান ফুলের মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট বসির আহমেদ সবুজ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখব।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান দলের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করেছে। এই যোগদান আগামী দিনে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here