স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ও বৃহৎ আকারের একটি নির্বাচনী নারী মিছিল। কয়েক কিলোমিটার দীর্ঘ এই মিছিলে অংশ নেন হাজারো নারী কর্মী ও সমর্থক, যা শহরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে নীলফামারী বড় বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সকাল থেকেই সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী কর্মী ও সমর্থকরা রিকশা, ভ্যান, অটো ও পায়ে হেঁটে বড় বাজার এলাকায় জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই বড় বাজার, ফায়ার সার্ভিস মোড় ও আশপাশের এলাকাগুলো জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মিছিল শুরুর পর নীলফামারী শহরের প্রধান সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ কৌতূহল ও আগ্রহ নিয়ে মিছিলটি প্রত্যক্ষ করেন। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ এই নারী মিছিল শহরজুড়ে সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ।
মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ।
শহরের পুরাতন স্টেশন এলাকার বাসিন্দা মকবুল হোসেন বলেন, নীলফামারীর ইতিহাসে এত বড় ও সুশৃঙ্খল নারী মিছিল আগে কখনো দেখা যায়নি। এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা।
এই নারী মিছিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারীদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবারের নির্বাচনী পরিবেশে নতুন গতি সঞ্চার করেছে এবং নীলফামারীর রাজনৈতিক ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হবে।
এই বাংলা/এমএস
টপিক

