
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা নীলফামারীর সার্বিক উন্নয়নে কৃষি আধুনিকায়ন ও শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর ঐতিহ্যবাহী বড়মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। তিস্তা নদীকে কেন্দ্র করে কৃষি, শিল্প ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করা হবে বলেও তিনি জানান। একই সঙ্গে বাংলাদেশ–চীন মৈত্রী মেডিকেল হাসপাতাল দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় কোনো ভোটারকে ভয়ভীতি বা চাপ প্রয়োগ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আগামীর বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দিকে খেজুর গাছ প্রতীক হাতে তুলে দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
এছাড়া তিনি নীলফামারী-২ আসনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী, নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসনে আলহাজ্ব সৈয়দ আলী এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আব্দুল গফুর সরকারকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান।
নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান।
এই বাংলা/এমএস
টপিক
