ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই একটি হত্যা মামলার তিন আসামিকে মুক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি গত মঙ্গলবার ঘটলেও বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। মুক্তিপ্রাপ্ত আসামিরা হলেন আনিছ, জাকিরুল ও রাশেদুল। এ ঘটনায় কারা প্রশাসনের ভেতরে ও বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কাগজপত্র যাচাইয়ের সময় ভুলের কারণে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি নিছক প্রশাসনিক ভুল নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য দিতে কর্তৃপক্ষ অনাগ্রহ প্রকাশ করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মুক্তি পাওয়া তিনজনই হত্যা মামলার আসামি ছিলেন। তিনি বলেন, প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে ধরে নিয়ে আসামিদের মুক্ত করা হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
এই ঘটনায় কারা কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি কারাগারের নিরাপত্তা ও প্রশাসনিক তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

