পিরোজপুর প্রতিনিধি :
জাতীয় পে-কমিশনের প্রতিবেদন দ্রুত কার্যকর করা এবং প্রজ্ঞাপন জারির দাবিতে পিরোজপুরে বিচার বিভাগের বিভিন্ন স্তরের কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার পিরোজপুর জেলা বিচার বিভাগের উদ্যোগে আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেওয়া কর্মচারীরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় পে-কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে উপদেষ্টা পরিষদের কাছে জমা দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিশেষ করে গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা এবং পিরোজপুর জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি মো. শামসুদ্দোহা। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীরা যখন কঠিন সময় পার করছেন, তখন পে-কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরও প্রজ্ঞাপন জারি না হওয়া অত্যন্ত হতাশাজনক।
পিরোজপুর জেলা বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. অহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক পে-স্কেল সংক্রান্ত নেতিবাচক মন্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করবেন।
বক্তারা আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মচারীদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সময়োপযোগী ও বাস্তবসম্মত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন অত্যাবশ্যক। তারা দ্রুত গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণার ইঙ্গিত দেন।
বিক্ষোভ কর্মসূচিতে বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কর্মচারী অংশ নেন। পরে একটি মিছিল আদালত চত্বর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
এই বাংলা/এমএস
টপিক

