নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ভলাকুট ইউনিয়নের পূর্ব বাজার টাওয়ারসংলগ্ন বালুর মাঠে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ভলাকুট ইউনিয়নের প্রবীণ সমাজসেবক হাজী আলী নেওয়াজের সভাপতিত্বে এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও ভাটি অঞ্চলের প্রবীণ রাজনীতিক এস এম শাফি মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং তিনবারের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু তালুকদার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, ভাটি অঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং শান্তি-সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ নাসিরনগর গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি আগামী ১২ তারিখ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব। তারা আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

