
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিনভর শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘলাফ, উচ্চলাফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। পাশাপাশি গান, নৃত্য ও আবৃত্তির মতো সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইনের সভাপতিত্বে এবং শিক্ষক মো. শাহজাহান কবীরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুষম বিকাশে পাঠ্যশিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই বাংলা/এমএস
টপিক
