গণভোট–২০২৬ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

0
141
গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

 

গণভোট–২০২৬ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তাফা মনসুর আলম খান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবীর সরকার এবং জেলা তথ্য অফিসার বায়েজীদ হোসাইন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাব্বির আহমেদ। ধর্মীয় আলোচনা উপস্থাপন করেন সৈয়দপুরের আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মাওলানা মোহাম্মদ আবুল কালাম কাসেমী, নীলফামারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছা এবং কেন্দ্রীয় বড় মসজিদ নীলফামারীর খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। ভোটারদের সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় মূল্যবোধের আলোকে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা অপরিহার্য। গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সঠিক তথ্য প্রচারে ইমামদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোস্তাফা মনসুর আলম খান বলেন, ইসলাম শান্তি, ন্যায়বিচার ও নৈতিকতার শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে ভোটারদের সঠিক ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করাই ইমামদের অন্যতম দায়িত্ব।

ধর্মীয় আলোচকরা তাঁদের বক্তব্যে ভোটাধিকারকে আমানত ও নাগরিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম। তিনি বলেন, সমাজের নৈতিক দিকনির্দেশক হিসেবে ইমাম ও খতিবরা গণভোট ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সম্মেলন শেষে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here