ঝালকাঠি-২ আসনে ত্রিমুখী লড়াই: বিএনপির ভোটব্যাংকে চাপ

0
168
ঝালকাঠি-২ আসনে ত্রিমুখী লড়াই, নলছিটিকেন্দ্রিক প্রার্থীদের ঘিরে বাড়ছে ভোটের কৌতূহল / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। ব্যতিক্রমী এক বাস্তবতায় এই আসনে প্রধান তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িই নলছিটি উপজেলায় হওয়ায় ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে বাড়তি আগ্রহ ও আলোচনা।

এলাকার সাধারণ ভোটারদের বড় একটি অংশ এখনো সিদ্ধান্তহীন। তাদের মতে, বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের তিন প্রার্থীই নিজ নিজ অবস্থানে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সামাজিক গ্রহণযোগ্যতার অধিকারী। ফলে কাউকে তুলনামূলকভাবে দুর্বল প্রার্থী হিসেবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী। নলছিটির রাজনীতিতে ‘ভুট্টো পরিবার’ দীর্ঘদিন ধরেই জনপ্রিয় এবং গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশের কাছে পরিবারটি এখনো আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।

তবে এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের শক্ত অবস্থান বিএনপির ঐতিহ্যগত ভোটব্যাংকে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। স্থানীয় পর্যায়ে ইসলামপন্থি দলগুলোর প্রতি ভোটারদের আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে বিএনপি নেতাকর্মীরা আশাবাদী। তাদের দাবি, নলছিটিতে কিছু ভোট কমলেও ঝালকাঠি সদর উপজেলা থেকে সেই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব। সদর উপজেলায় দলীয় সাংগঠনিক শক্তি তুলনামূলক বেশি থাকায় তারা ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী।

জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস। ছাত্রজীবন থেকে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় এলাকায় তার পরিচিতি রয়েছে। মসজিদ নির্মাণ ও নিরাপদ পানির ব্যবস্থা করার মতো সামাজিক উদ্যোগও তার জনপ্রিয়তা বাড়িয়েছে।

অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী একজন ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে নলছিটিতে বসবাস এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার বড় রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

অনেক ভোটারের মতে, ইসলামপন্থি দলগুলো জোটবদ্ধ হলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতো। তবে জোট না থাকায় ইসলামপন্থি ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সব মিলিয়ে ঝালকাঠি-২ আসনের নির্বাচন এবার ব্যক্তি ইমেজ, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক গ্রহণযোগ্যতার এক ত্রিমুখী প্রতিযোগিতায় রূপ নিয়েছে। শেষ পর্যন্ত কার হাতে যাবে বিজয়, তা জানতে আগ্রহভরে অপেক্ষা করছে পুরো এলাকার ভোটাররা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here