স্ত্রীর স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফেরা: নাসিরনগরে ব্যতিক্রমী দৃশ্য

0
189
নাসিরনগরে প্রিয়তমা স্ত্রীর ইচ্ছে পূরণে  হেলিকপ্টারে ফিরলেন গ্রামের বাড়িতে / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


নীল আকাশ চিরে হাওরবেষ্টিত মেঘনা নদীর পাড়ঘেঁষা প্রত্যন্ত জনপদে অবতরণ করল একটি হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টার থেকেই নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক নবদম্পতি। স্ত্রীর স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সাউথ আফ্রিকান প্রবাসী ইমন মিয়া।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকার একটি হেলিপ্যাড থেকে আকাশপথে রওনা দেন বর ইমন মিয়া ও কনে জান্নাত বেগম। মাত্র ২৫ মিনিটে তারা চাতলপাড় ডিগ্রি কলেজ মাঠে পৌঁছান। পরে সেখান থেকে মোটরসাইকেলে করে নবদম্পতি নিজ বাড়িতে যান।

হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গেই কলেজ মাঠে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী ও বৃদ্ধ—সবাই মোবাইল ফোনে ভিডিও ধারণ ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে বর-কনে পক্ষের স্বজনরা ফুল দিয়ে নবদম্পতিকে বরণ করে নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইমন মিয়া চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে। বাবা-ছেলে দুজনেই সাউথ আফ্রিকা প্রবাসী। দুই ভাইবোনের মধ্যে ইমন পরিবারের বড় ছেলে। কনে জান্নাত বেগম একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

বর ইমন মিয়া বলেন, “আমার স্ত্রীর স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ার। আল্লাহর রহমতে আজ সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।”

কনের বাবা মজিবুর রহমান জানান, “ছয় মাস আগে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে হয়। মেয়ের স্বপ্ন পূরণ করতেই পরিবার মিলে আজ হেলিকপ্টারে করে গ্রামে নিয়ে এসেছি। আমরা সবাই খুব আনন্দিত।”

গ্রামের মানুষও এমন ব্যতিক্রমী দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই জীবনে প্রথমবার এত কাছ থেকে হেলিকপ্টার দেখার সুযোগ পান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here