ঝালকাঠি প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) সংসদীয় আসনে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ শুরু হওয়ায় জনমনে ফিরে এসেছে প্রাণবন্ত নির্বাচনী আমেজ।
দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে নানা নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল যে ভূমিকা পালন করেছেন, সেটিই আজ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। কঠিন সময়ে অনেক নেতা রাজনীতি থেকে সরে গেলেও রফিকুল ইসলাম জামাল মাঠ ছাড়েননি বলে জানান নেতাকর্মী ও এলাকাবাসী।
গ্রাম-গঞ্জ, হাট-বাজার, সড়ক-মোড়, চায়ের দোকান থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন ও বিএনপির প্রার্থী। কাঁঠালিয়ায় এক উঠান বৈঠকে রফিকুল ইসলাম জামাল বলেন, এলাকায় দীর্ঘমেয়াদি উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে দলীয় প্রতীকের গুরুত্ব অপরিসীম। সরকারি কাজ বাস্তবায়ন এবং প্রশাসনিক জটিলতা নিরসনে দলীয় প্রার্থীর ভূমিকা বেশি কার্যকর বলেও তিনি উল্লেখ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী ও সমর্থকরা ধানের শীষের প্রতীক ও লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলা এই প্রচারণায় প্রার্থীরা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরে উন্নয়ন ও পরিকল্পনার কথা সরাসরি ভোটারদের জানাচ্ছেন।
এতে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ছে বলে স্থানীয়রা জানান। সব মিলিয়ে ঝালকাঠি-১ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ভোটারদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও রাজনৈতিক সচেতনতা বাড়িয়ে নতুন আশার সঞ্চার করছে।

