
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহীকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মামুন অর রশিদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৩টার দিকে তিনি কুড়িগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে মো. মামুন অর রশিদ বলেন, দেশের স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার আন্দোলনের অংশ হিসেবে সাম্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে তিনি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সফলতা কামনা করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মো. তাসভীর উল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন (চরমোনাই) এর মো. আক্কাস আলী সরকার, জাতীয় পার্টির মো. আব্দুস সোবহান এবং গণ অধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।
এই বাংলা/এমএস
টপিক
