খাগড়াছড়িতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত

0
168
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতায় পরামর্শ সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক সামাজিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সংবাদমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করে রুফটপ সোলার ব্যবহারের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা নিয়ে মতামত প্রদান করেন।

পরামর্শ সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সভাপতি অরুণ কান্তি চাকমা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা ও জয়া ত্রিপুরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় জানানো হয়, স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের সুফল তুলে ধরা, জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার জনপ্রিয় করা গেলে সারাদেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের একটি বড় বাজার গড়ে উঠবে, যা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং জ্বালানি আমদানির চাপ কমাবে।” তিনি আরও বলেন, এক লক্ষ সৌর প্যানেল স্থাপন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সভাপতি অরুণ কান্তি চাকমা বলেন, “ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুৎ চাহিদা পূরণেই নয়, নেট মিটারিং সুবিধার মাধ্যমে আয় করার সুযোগও তৈরি করে।”

সম্মানিত অতিথি জয়া ত্রিপুরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সমাজের প্রতিটি স্তরের মানুষকে অবহিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। অন্যদিকে নিটোল মনি চাকমা দালান নির্মাণের অনুমোদনের সময় সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করার দাবি জানান। পাশাপাশি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার আহ্বান জানান তিনি।

সভায় কাপ্তাই সোলার পার্কে একটি শিক্ষা সফর আয়োজনের প্রস্তাবও উত্থাপিত হয়। পরামর্শ সভায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সদস্য ও নারীনেত্রী নমিতা চাকমা।

সংবাদকর্মী নুরুচ্ছাফা মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ির সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কানন আচার্য্য, ইঞ্জিনিয়ার নিতু প্রসাদ চাকমা, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, কাবিদাং-এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি পরিচালক বিনোদন ত্রিপুরা, বিশিষ্ট শিক্ষাবিদ আর্যমিত্র চাকমাসহ অনেকে।

আয়োজকরা জানান, এই পরামর্শ সভা থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশ ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে এবং রুফটপ সোলারের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here