শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ঝালকাঠিতে দুই এমপির উপস্থিতিতে ফুটবল ফাইনাল, চ্যাম্পিয়ন কিংস অব দরগাবাড়ি

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফাইভস্টার ক্লাব আয়োজিত এ খেলায় ১ নম্বর ওয়ার্ড ফার্স্ট ট্রাক দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস অব দরগাবাড়ি।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু।

আবদুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আককাস সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও সহায়তা করে।

মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল ঘিরে দর্শক ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশ ও আশপাশের ভবনের ছাদে দর্শকদের ভিড় জমে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর