জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে নো-ম্যানস ল্যান্ডে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি একপর্যায়ে বাংলাদেশের দিকে আসার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ফিরিয়ে দেন। আবার ভারতের দিকে যেতে চাইলে বিএসএফ সদস্যরা বাধা দেন, ফলে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
পরে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানী কমান্ডার এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান না হওয়ায় ওই ব্যক্তিকে বিএসএফ ফেরত নেয়নি। ফলে তিনি নো-ম্যানস ল্যান্ডেই অবস্থান করছেন বলে জানা গেছে।
বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে এবং স্থানীয় বাসিন্দারাও সীমান্ত পাহারায় অংশ নিচ্ছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।