নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী সদরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক ঘটনায় পুকুরে ডুবে স্বপন ইসলাম (২৮) নামে এক যুবকেরও মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কচুকাটা ইউনিয়ন-এর বাবু বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন মজিবর রহমানের ছেলে মিঠু ইসলাম (৩৫)। তিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তিরা পেশায় নির্মাণশ্রমিক। বুধবার সকালে তারা বাবু বাজার এলাকার একটি পুকুরে বিদ্যুৎচালিত সেচযন্ত্র ব্যবহার করে মাছ ধরার জন্য পানি নিষ্কাশনের কাজ করছিলেন। এ সময় সেচ পাম্পের থ্রি-ফেজ বিদ্যুৎ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মজিবর রহমান ও জালাল উদ্দিনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জিল্লুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুকুরে ডুবে যুবকের মৃত্যু
অন্যদিকে, সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন-এর মোজাহারের টারি এলাকায় পুকুরে ডুবে স্বপন ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (৯ জুন) বাড়ি থেকে রান্নার জ্বালানি হিসেবে খড়ি সংগ্রহ করতে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পুকুরপাড়ে খড়ির একটি বোঝাও পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, খড়ি সংগ্রহের সময় মৃগী রোগের খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে মশিউর রহমান বলেন, স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং প্রায়ই তার খিঁচুনি উঠত। ধারণা করা হচ্ছে, খড়ি সংগ্রহের সময় খিঁচুনি ওঠায় তিনি পুকুরে পড়ে ডুবে মারা যান।
দুটি পৃথক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক

