সিংড়ায় তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধা মাকে হত্যা, ছেলে ও নাতি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা মাকে গলা টিপে হত্যার অভিযোগে তার ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) দুপুরে সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মোহাম্মদ শরীফুল হক

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকার বাসিন্দা মারিয়া বেগম ওরফে শরিফা বেগম কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। গত ৬ জুন তার মেয়ে মর্জিনা বেগম সিংড়া থানায় মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে মঙ্গলবার (৯ জুন) বিকেলে আগপাড়া এলাকা থেকে বৃদ্ধার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর নিহতের সেজো ছেলে জনাব আলীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জনাব আলী তার মাকে হত্যার বিষয়টি স্বীকার করেন। পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে তিনি গলা টিপে মাকে হত্যা করেন। হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি টয়লেটে লুকিয়ে রাখা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন পর মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে জনাব আলী তার ছেলে আলামিনের সহযোগিতায় গত ৪ জুন গভীর রাতে মরদেহ বস্তাবন্দী করে পাশের একটি ডোবায় ফেলে দেন।

পরবর্তীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন করে।

পুলিশ সুপার আরও জানান, অভিযুক্ত জনাব আলী পেশায় অটোভ্যান চালক এবং তার ছেলে আলামিন দিনমজুর। এ ঘটনায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম এবং মো. শফিকুল ইসলাম

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here