নীলফামারী প্রতিনিধি :
দীর্ঘদিনের অপেক্ষার পর নীলফামারী সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন চালু করা হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ক্যান্টিনের উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, মানসম্পন্ন এবং সাশ্রয়ী মূল্যে খাবার নিশ্চিত করার লক্ষ্যেই এই ক্যান্টিন চালু করা হয়েছে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. সামসুল আলম এবং ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুপরিকল্পিত ও পরিচ্ছন্ন ক্যান্টিন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সেবার মান বজায় রাখা ও মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কলেজ অধ্যক্ষ বলেন, ক্যান্টিন চালুর মাধ্যমে শিক্ষার্থীদের বহুদিনের দাবি পূরণ হয়েছে। এটি শুধু খাবারের স্থান নয়, বরং শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগ বাড়াতেও সহায়ক হবে।
ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক জানান, শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা হবে। পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. পায়েলুজ্জামান রকসি, সদস্য সচিব মো. রইসুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকতসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই বাংলা/এমএস
টপিক

