খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করে পুলিশ।
বুধবার (১০ জুন) রামগড় থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (৯ জুন) দুপুরে পৌরসভার দারোগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তির নাম মাহবুব আলম (৩৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউনিয়নের বাংলাবাজার হলুদিয়া গ্রামের মো. নুরুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রামের ভূজপুর থানাধীন বাংলাবাজার এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ মাদক রামগড়ের দিকে আনা হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ তথ্যের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালিয়ে গেলেও চালক মাহবুব আলমকে আটক করা হয়। পরে গাড়িতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

