মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

গণতন্ত্র সুসংহত না হলে উন্নয়ন সম্ভব নয়: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বরিশাল প্রতিনিধি :

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র সুসংহত না হলে বাংলাদেশের মুক্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে ভোলা সফরের অংশ হিসেবে বরিশাল নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ বেড়েছে, যা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জনে রাজনৈতিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইতিহাসে বিভিন্ন সময়ে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-যুবসমাজ রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

স্পিকার বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা দেশের জন্য একটি গৌরবময় অধ্যায়। এর ফলে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নেবে এবং গণতন্ত্রের মাধ্যমেই অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব হবে।

এর আগে বরিশাল সার্কিট হাউজে স্পিকারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি তার নির্বাচনী এলাকা ভোলার উদ্দেশে রওনা দেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর