পাবনা প্রতিনিধি :
পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে সন্ধ্যার পর থেকে নিয়মিত লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের এই পরিস্থিতিতে সাধারণ জনজীবনের পাশাপাশি শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামনে এসএসসি পরীক্ষা থাকায় বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
উপজেলার প্রধান শহরসহ আশপাশের এলাকাগুলোতে দিনের বেলা থেকেই বিদ্যুৎ আসা-যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। তবে সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না।
এসএসসি পরীক্ষার্থীরা বর্তমানে তাদের প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু সন্ধ্যার গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এছাড়া প্রচণ্ড গরম ও অন্ধকারে বসে থাকতে হওয়ায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপও বাড়ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বর্তমানে অনেক শিক্ষার্থী অনলাইন ক্লাস ও ইন্টারনেটভিত্তিক পড়াশোনার ওপর নির্ভরশীল। কিন্তু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা সেই সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।
তারা জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন অন্তত সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কারিগরি ত্রুটি থাকলে দ্রুত তা মেরামতের ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে লোডশেডিং দিনের বেলায় করারও দাবি জানান তারা।
এই বাংলা/এমএস
টপিক

