কুড়িগ্রাম প্রতিনিধি :
জাতীয় কৃষক শক্তির আয়োজনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য মো. নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের উন্নয়ন, তিস্তা মহাপরিকল্পনা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর চীন সফরের পরও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তিনি আরও অভিযোগ করেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় বাজেট বণ্টনে এ অঞ্চল বৈষম্যের শিকার হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, “আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। তিনি ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই কৃষক পরিবারের সন্তান।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল ক্রয় করছে না। ফলে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য মো. আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া এবং নারী শক্তির আহ্বায়ক মোছা. নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশ থেকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ সুবিধা বৃদ্ধি, সার ও বীজের সহজলভ্যতা নিশ্চিত করা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার দাবি জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক