রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

বরিশাল-৩ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কারাগারে থেকেও মনোনয়ন সংগ্রহ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বরিশাল ব্যুরো :

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় কারান্তরীণ জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

কারাগারে থাকা অবস্থায় তার পক্ষে মনোনয়ন সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে আসনটিতে নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিপুর দুই অনুসারী মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, শাওন নামে এক যুবক জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন,

‘জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর পক্ষে দুইজন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলটি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ায় মনোনয়নপত্র প্রদানে কোনো আইনগত বাধা নেই।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বরিশাল-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি গত ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন। বর্তমানে বিএনপির অফিসে অগ্নিসংযোগ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক মামলায় তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

এ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন। জামায়াতে ইসলামীর প্রার্থী বরিশাল মহানগর আমির জহির উদ্দিন মুহা. বাবর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কারাবন্দি অবস্থায়ও টিপু শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বরিশাল-৩ আসনের ভোটের সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর