গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে রাজিবপুরের তিন ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে গঠনতন্ত্র লঙ্ঘন ও সাংগঠনিক অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিন ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৯ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান (মোস্তফা) ও সদস্য সচিব আলহাজ মো. সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজিবপুর উপজেলার তিন ইউনিয়ন বিএনপির কাউন্সিল পরিচালনা নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনায় দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা ও প্রচলিত নিয়মাবলির পরিপন্থী কার্যক্রমের অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে। তাই সংগঠনের স্বার্থে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করতে কাউন্সিল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
আগামী ১০ জুলাই রাজিবপুর সদর, ১১ জুলাই কোদালকাটি এবং ১২ জুলাই মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রতিনিধি নির্বাচন ও কাউন্সিল প্রস্তুতি নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।
গত ৭ জুলাই মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বুলবুল আহমেদ জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি ৫১ সদস্যের পরিবর্তে মাত্র ১১ সদস্যকে ভোটার করা, কমিটিতে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের অন্তর্ভুক্তি, একই পরিবারের একাধিক সদস্যকে কমিটিতে রাখা এবং সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচন পরিচালনায় যুক্ত করার অভিযোগ তোলেন।
এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগগুলো পর্যালোচনা করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা বিএনপি কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত নেয়।
জেলা বিএনপির এ সিদ্ধান্তে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করা হয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধি অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত পরিবেশে কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৫৫-১৫৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, ফোন - ০২-৮৮৭০০৩৫৬, ০২-৮৮৭০০৩৫৭।