শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

কিশোরগঞ্জ-০৫ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
কিশোরগঞ্জ-০৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা / ছবি - এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর–নিকলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় নির্ধারিত সময়ে উৎসবমুখর পরিবেশে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজল ভূঁইয়া, বিশিষ্ট নেতা সৈয়দ আমিনুল হুদা কচি এবং কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী এমদাদুল ইসলাম কোহিনুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, বাজিতপুর–নিকলীর মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন বলে জানান।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে বাজিতপুর–নিকলীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণ সমাজের ভবিষ্যৎ গঠনে অগ্রাধিকার দেওয়া হবে।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সকাল থেকেই হাজারো নেতাকর্মী মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান। ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নেতাকর্মীরা জানান, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা একজন সৎ ও সাহসী নেতা হিসেবে বাজিতপুর–নিকলীর মানুষের কাছে পরিচিত। তাঁর নেতৃত্বে এই আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিশোরগঞ্জ-০৫ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর