রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

মহালছড়ির জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) উপজেলার ২৪ মাইল এলাকার গভীর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মাইল এলাকায় একটি কলেজের বিপরীত পাশে মূড়াপাড়া সংলগ্ন জঙ্গল থেকে কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা জঙ্গলের ভেতরে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মহালছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত ও বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের ধারণা, তিনি পাহাড়ি সম্প্রদায়ের, সম্ভবত মারমা নারী হতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মহালছড়ি থানা পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মৃত্যুর কারণ উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

লোকালয়ের কাছাকাছি জঙ্গল থেকে এভাবে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো খবর