চাকরি স্থায়ীকরণের দাবিতে নাটোরে দৈনিক মজুরি ও মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
নাটোর প্রতিনিধি :
সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে নাটোরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি, নাটোর জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও তারা এখনো স্থায়ী চাকরির সুযোগ পাননি। ফলে প্রতিনিয়ত চাকরি হারানোর অনিশ্চয়তা নিয়ে কাজ করতে হচ্ছে।
পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’ বাতিলের দাবি জানান। একই সঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মচারীদের স্থানান্তর বন্ধ, বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ দেওয়ারও দাবি জানান তারা।
সংগঠনের সভাপতি আনছার আলী বলেন, “আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
সাধারণ সম্পাদক রাসেল শেখ বলেন, “জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করছি, সরকার দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করে তাদের চাকরি স্থায়ী করার দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি আদায় না হলে আগামী ৯ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দেওয়ারও ঘোষণা দেন তারা।
মানববন্ধন শেষে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।