শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

নলডাঙ্গার মাধনগরে ১৫৫ বছরের ঐতিহ্যবাহী পিতলের রথযাত্রা উদযাপন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের ১৫৫ বছরের পুরোনো পিতলের রথযাত্রা উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মদনমোহন মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। বেলা ১১টার দিকে ভক্তরা রশি টেনে রথযাত্রার উদ্বোধন করেন। ঢাক-ঢোল, কীর্তন, নৃত্য ও ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে রথটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ আয়োজনে নাটোরসহ আশপাশের কয়েকটি জেলা ও উপজেলার হাজারো ভক্ত-পুণ্যার্থী অংশ নেন।

ভক্তরা জানান, জগন্নাথদেবের রথযাত্রা মঙ্গল, শান্তি, সমৃদ্ধি ও মানবকল্যাণের প্রতীক। উৎসবকে ঘিরে সব বয়সী মানুষের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মাধনগর পূজা উদযাপন কমিটির সভাপতি পিন্টু অধিকারী জানান, প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। তিনি বলেন, ১৫৫ বছরের পুরোনো এ পিতলের রথটির ভিত্তি ১২ ফুট বর্গাকার, উচ্চতা প্রায় ২৫ ফুট এবং এতে ১২টি চাকা, ১১২টি পিলার ও কারুকার্যমণ্ডিত পিতলের বিভিন্ন অংশ রয়েছে। তাঁর দাবি, এটি উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন পিতলের রথ।

তিনি আরও জানান, মদনমোহনের মাহাত্ম্যে মুগ্ধ হয়ে পাবনার দিলালার জমিদার যামিনী সুন্দরী বসাক ১৮৬৭ সালে রথটি প্রতিষ্ঠা করেন। তবে মন্দিরের নামে থাকা শতাধিক বিঘা দেবোত্তর সম্পত্তির অধিকাংশই বিভিন্ন সময়ে বেদখল ও হাতবদল হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়রা বেদখল হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে মন্দিরের নামে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

প্রথা অনুযায়ী, রথযাত্রার নয় দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর