নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
‘জুলাই শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুলাই শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদদের স্মরণে স্মরণসভা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু তাহের, প্রকৌশলী হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এই বাংলা/এমএস
টপিক

