শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া সার্বজনীন দুর্গামন্দিরের ৪০ জন স্বেচ্ছাসেবককে গেঞ্জি উপহার দিয়েছেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন।
তিনি উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করা এবং পূজামণ্ডপে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই উপহার দেওয়া হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ সময় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আয়োজন সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সমর্থন প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবার অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
এই বাংলা/এমএস