বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে বাড়ির পাশে সড়কে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করার সময় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার উদনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলী ওই এলাকার জোড়ান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে রাজশাহীর বাঘা থেকে একটি মরদেহ অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছিল। এ সময় উদনপাড়া এলাকায় বাড়ির পাশের সড়কে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন সাদেক আলী। হঠাৎ অ্যাম্বুলেন্সটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী বলেন, সাদেক আলী রাস্তার নিজ পাশেই দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। অ্যাম্বুলেন্সটি ভুল পাশ দিয়ে এসে তাকে ধাক্কা দেয় বলে তিনি দাবি করেন। চালক স্টিয়ারিং ধরে ঘুমিয়ে পড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয়দের ধারণা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর