মোড়েলগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ২
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১ আগস্ট, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান যশোর জেলার আশরাইল গ্রামের মো. বদরউদ্দিনের ছেলে। আহতরা হলেন নয়ন ও মমিনুল।
পুলিশ জানায়, অতিরিক্ত বৃষ্টির কারণে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের চারপাশের মাটি নরম হয়ে যায়। এ সময় শ্রমিকরা ট্যাংকের ভেতরে কাজ করছিলেন। হঠাৎ ট্যাংকের দেয়াল ধসে তাদের ওপর পড়ে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।