মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

ভোলাহাটে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শের মোহাম্মদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের মোহাম্মদ উপজেলার চরধরমপুর গ্রামের মৃত আলীজানের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শের মোহাম্মদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা উপজেলার সুরানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ময়েন আলী (১৯) চালিত একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে শের মোহাম্মদ সড়কে ছিটকে পড়েন। পরে মোটরসাইকেলের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলচালক ময়েন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরো খবর