মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে কবি নজরুল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তাহমিদ হাসান রাফি (২৪)। তিনি ঢাকার কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাফি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় এলাকার মুফতি জাকারিয়া ইসলামের ছেলে। পরিবারের সঙ্গে তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের পাশের একটি আবাসিক ভবনে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে কয়েকজন বন্ধুর সঙ্গে কলেজ পুকুরে গোসল করতে নামেন রাফি। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই রাফির মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

ঘটনায় পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর