বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নালার পানিতে মিলল দুই স্কুলশিক্ষার্থীর লাশ, শোকে স্তব্ধ ফুলবাড়ী

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর নালার পানিতে ভেসে উঠল দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে লুসি খাতুন (৯) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আরশি আক্তার (৮)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন এবং রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলে একসঙ্গে খেলতে বের হয় লুসি ও আরশি। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তাদের কোনো সন্ধান না মেলায় এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

নিহত দুই শিশুর চাচি হাসিনা বেগম জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ির পাশের একটি নালার পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহসান মিন্টু এবং ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত নালার পানিতে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা খোলা নালা ও জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের নিরাপদে রাখার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো খবর