মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

কাঁঠালিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৩ পরীক্ষার্থী

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন নারী পরীক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হলেও সময়মতো কেন্দ্রে পৌঁছে তারা পরীক্ষায় অংশ নেন।

আহতরা হলেন লামিয়া আক্তার (১৭), মিমি আক্তার (১৮) ও আফসানা আক্তার (১৮)। তারা তিনজনই উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।

আহত লামিয়া আক্তার জানান, সকালে ছোনাউটা এলাকা থেকে অটোরিকশাযোগে কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন তারা। পথে বটতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন পরীক্ষার্থীসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিন পরীক্ষার্থীই কেন্দ্রে পৌঁছে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে পিরোজপুরের মঠবাড়িয়া ও ভান্ডারিয়া এবং বরগুনার বামনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা পড়াশোনা করেন। এ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে নির্ধারিত হওয়ায় তাদের ২০ থেকে ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে পরীক্ষায় অংশ নিতে হয়।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়া এবং আমুয়া থেকে কাঁঠালিয়া সদর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমুয়া কলেজেই পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ ও ঝুঁকি অনেকটাই কমে আসবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর