কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বলদিপাড়া গ্রামের বাসিন্দা মো. আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সাইয়েদ। তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে রাবেয়া বেগমও মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।