আলিম পরীক্ষা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু, আহত ৪
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ৬ জুলাই, ২০২৬
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২১) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পরীক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ তিন পরীক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী ও নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে প্রায় দুই ঘণ্টা লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।