
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক বাস সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট উত্তর সোনাপাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৩)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সস্তাপুর গ্রামের বাসিন্দা গণি মিয়ার ছেলে। জাকির হোসেন ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী ‘রিলাক্স পরিবহন’-এর (ঢাকা-মেট্রো-ব-১৫-৯৪৮৮) সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. নাদিম হায়দার চৌধুরীর নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই মো. জিশান আহম্মেদ পিপিএম-সেবা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। ভোর আনুমানিক ৬টা ৩৫ মিনিটে সন্দেহভাজন রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সুপারভাইজার জাকির হোসেনের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, মাদক পরিবহনের অভিযোগে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মহাসড়কে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
