
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীরটেক ইউনিয়নের নতুন দোকান এলাকায় জয়দেব সরকারের ডাঙ্গী সংলগ্ন সরকারি জমি থেকে প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে ডেজার ও ভেকু মেশিন ব্যবহার করে বালি উত্তোলন ও বিক্রি করছিল। এতে নদী ও বেড়িবাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংবাদ প্রচারের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইন অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে একটি ভেকু মেশিনসহ বালি উত্তোলনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো জব্দ ও বিনষ্ট করা হয়। অবৈধ কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
যায়েদ হোসাইন বলেন, “পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে অবৈধ বালি উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে নদী ভাঙন ও বেড়িবাঁধের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা আরও কঠোর হবে।”
উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ নদী ও বেড়িবাঁধের সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক
