প্রান্তিকদের জন্য মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

0
198
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প / ছবি - এই বাংলা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা বাজারের বকুল তলায় বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল থেকে ভোর থেকে মানুষের ভিড় জমে। কারও হাতে পুরনো প্রেসক্রিপশন, কারও কোলে অসুস্থ শিশু, আবার কেউ দীর্ঘদিনের ব্যথা নিয়ে নিরবে দাঁড়িয়ে ছিলেন। শহরে চিকিৎসা নেওয়ার সামর্থ্য না থাকা প্রান্তিকদের জন্য এই বকুল তলাটাই হয়ে উঠেছে ভরসার ঠিকানা।

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কয়েক হাজার মানুষ সেবা গ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

৮৫ বছর বয়সী মো. ইব্রাহিম পাশের গজর্না গ্রাম থেকে এসে বলেন, “দীর্ঘদিন হাঁটুর ব্যথায় ভুগছিলাম। শহরের হাসপাতালে যেতে পারিনি খরচের কারণে। এখানে এসে ডাক্তার দেখালাম, ওষুধও ফ্রি পেলাম। আল্লাহ যেন এদের ভালো রাখে।”

ক্যাম্পে ১০টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা—মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক—এক ছাতার নিচে রোগীদের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা প্রদান করেন।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, “অসহায় মানুষের মুখে স্বস্তির হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা করে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

অধ্যক্ষ প্রফেসর ডা. মো. আব্দুল করিম জানান, এই কার্যক্রম একদিনের আয়োজন নয়; ধারাবাহিকভাবে মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দেওয়া হবে। এছাড়া যাদের অপারেশন প্রয়োজন, তাদের জন্য হাসপাতাল অপারেশন চার্জে ৩০%, প্যাথলজি পরীক্ষায় ৩৫% এবং সাধারণ বেড চার্জে ৩০% পর্যন্ত ছাড়ের ঘোষণা দেয়।

ক্যাম্প শেষে বকুল তলার পরিবেশ যেন বদলে গেছে। হতাশ চোখে আসা মানুষগুলো ফিরে গেছেন ভরসা নিয়ে, কারও হাতে ওষুধ, কারও মনে নতুন আশা।

এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনা, যার ফলে শুধু একদিন নয়, বরং পুরো বছরজুড়ে আর্থিক সংকটে থাকা রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন—যা প্রান্তিক মানুষের জন্য দীর্ঘমেয়াদি ভরসা হয়ে উঠেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here