খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শাখায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডিউটিরত নিরাপত্তাকর্মী ঝাড়ু দিতে গিয়ে চুরির বিষয়টি টের পান।
ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. হাবিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরেরা গেট ও মূল দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। পরে একটি ড্রয়ার ভেঙে নগদ ১ হাজার ৪৪০ টাকা নিয়ে যায় এবং তালা খুলে ব্যবহৃত একটি ল্যাপটপ চুরি করে। নিরাপত্তা ক্যামেরার তার কেটে দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেলেও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে চোরেরা ব্যাংকের মূল ভল্টের তালা ভাঙতে ব্যর্থ হয় এবং সেখানে কোনো ক্ষতি করতে পারেনি। ঘটনার সময় নিরাপত্তাকর্মী অপূর্ব চাকমা (৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) দায়িত্বে ছিলেন।
ঘটনার খবর পেয়ে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ির পরিদর্শক পান্নালাল বড়ুয়া, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চের একটি দল ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে বলে জানা গেছে।
মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কাউকে আসামি করে মামলা দায়ের করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এই বাংলা/এমএস
টপিক

