বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

কাদামাখা রাস্তায় আটকে বরযাত্রী, কাঁধে চড়ে বিয়ের আসরে গেলেন বর

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় বেহাল সড়কের কারণে বরযাত্রীর বহর আটকে যায়। পরে উপায়ান্তর না দেখে অন্যের কাঁধে চড়েই বিয়ের আসরের উদ্দেশে রওনা হন বর। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার ভাটিগ্রাম এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার পরই টানা বৃষ্টিতে কাদায় পরিণত হওয়া প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

রাস্তার যেসব অংশে কাদা বেশি ছিল, সেখানে অন্যের কাঁধে চড়ে পথ অতিক্রম করেন বর। প্রায় এক কিলোমিটার এভাবে যাওয়ার পর একটি মাইক্রোবাসে উঠে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

সোমবার (১৩ জুলাই) ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বরের বন্ধু মো. নাজিউর ইসলাম বলেন, “বৃষ্টির কারণে পুরো রাস্তাই কাদায় ভরে গেছে। কোনো যানবাহন চলাচলের সুযোগ ছিল না। তাই বাধ্য হয়ে বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছে। প্রায় এক কিলোমিটার রাস্তার এমন দুরবস্থা দীর্ঘদিনের।”

স্থানীয়দের দাবি, ভাটিগ্রাম থেকে বৃদ্ধের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে, ফলে কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

ছিনাই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. মর্জিনা বেগম বলেন, “বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটা তো দূরের কথা, অনেক জায়গায় ধান রোপণ করা যায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।”

স্থানীয়দের আশা, দ্রুত সড়কটি সংস্কার করা হলে বর্ষাকালে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর