এসএকে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরে পেলেন বিএনপির প্রাথমিক সদস্যপদ

0
130
সাবেক সংসদ সদস্য এএসকে একরামুজ্জামান সুখন / ছবি - সংগৃহীত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান (এসএকে একরামুজ্জামান)–এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী–এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে বিএনপির প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান। সাক্ষাতের পর এক ভিডিও বার্তায় তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভিডিও বার্তায় তিনি বলেন, “২০০৪ সাল থেকে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় আমি বিএনপির পতাকাতলে রাজনীতি করেছি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে দাখিলকৃত আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের নিকট দোয়া প্রার্থী এবং যে কোনো পরিস্থিতিতে দলের পাশে থাকতে চাই।”

উল্লেখ্য, একসময় সৈয়দ এ কে একরামুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

ওই নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন বলে একটি অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার বোটক্লাবে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী–এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তার আওয়ামী লীগে যোগদানের ঘোষণা আসে।

তবে সৈয়দ এ কে একরামুজ্জামান দাবি করেন, তিনি পরবর্তীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here