ময়মনসিংহ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ‘ভিজিলেন্স ও অবজারভেশন টিম’-এর একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে মনিটরিং, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় নির্বাচনকে ঘিরে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠপর্যায়ে এর বাস্তবায়ন খুব শিগগিরই দৃশ্যমান হবে।”
জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে কাজ করছে। তিনি বলেন, ময়মনসিংহ জেলার ১৪টি থানায় ২০২৫ সালের জুলাই মাসে ৪০৯টি এবং জুন মাসে ৪৪৬টি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অপরাধ দমন ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত তৎপরতার মাধ্যমে ময়মনসিংহ জেলায় একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

