বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
শনিবার, ১৬ মে, ২০২৬
বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।