ঘিওরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি দিনাজপুরে গ্রেফতার
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
সোমবার, ১৫ জুন, ২০২৬
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর থানার আলোচিত ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাগর (২৮)-কে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে শনিবার (১৩ জুন) দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার আনোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সাগর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দক্ষিণ নওপাড়া এলাকার বাসিন্দা এবং মো. মমিনের ছেলে। তিনি বিয়ের সূত্রে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসুদেববাড়ী এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৫ জুন রাতে এক নারী ও তার স্বামী দৌলতপুর উপজেলার চন্দ্রখোলা এলাকা থেকে ফেরার পথে ঘিওরের নিলুয়া মোড় এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন। অভিযোগে বলা হয়েছে, সাগরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে এবং একপর্যায়ে ওই নারীকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এ সময় অন্যরা তার স্বামীকে আটকে রাখে।
পরবর্তীতে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী দম্পতি নিরাপদ স্থানে আশ্রয় নেন এবং পুলিশ তাদের উদ্ধার করে।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসছিল।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে র্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ এবং র্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।